হাসিনার সঙ্গে দেশ ছাড়ার সুযোগ কেন হারান সালমান এফ রহমান?

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০২:২৪ এএম
হাসিনার সঙ্গে দেশ ছাড়ার সুযোগ কেন হারান সালমান এফ রহমান?

সূত্রঃ ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে যাওয়ার সময় সালমান এফ রহমানকে সঙ্গে নিতে চাইলেও তিনি শেষ মুহূর্তে ফ্লাইটে যোগ দিতে পারেননি বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ডেইলি ওয়াদা।


প্রতিবেদন অনুযায়ী, সেদিন সকালে গণভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে শেখ হাসিনা ও শেখ রেহানা তাদের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে একাধিকবার ফোন করে দ্রুত বিমানবন্দরে পৌঁছাতে বলা হয়। তবে শেষ পর্যন্ত সালমান সেখানে পৌঁছাতে পারেননি।


প্রতিবেদনে আরও বলা হয়, পরে প্রকাশিত একটি অডিও রেকর্ডিংয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে উদ্বিগ্ন কণ্ঠে সালমান এফ রহমানকে দ্রুত বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানাতে শোনা যায়।


একটি কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়, ওই সময় সালমান এফ রহমান সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার শেষ প্রচেষ্টার অংশ হিসেবে একটি প্রভাবশালী পশ্চিমা দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ছিলেন। এতে মূল্যবান সময় নষ্ট হওয়ায় তিনি তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে পৌঁছাতে ব্যর্থ হন।


এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার জন্য একটি ব্যক্তিগত উড়োজাহাজ প্রস্তুত থাকলেও, বিমানবন্দরের আশপাশে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত শেখ হাসিনা ও শেখ রেহানা তার জন্য অপেক্ষা না করে দেশ ত্যাগ করেন।


প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদা ভোগ করতেন এবং পররাষ্ট্রনীতি-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের প্রতিনিধিত্ব করতেন।


শেখ হাসিনা দেশ ছাড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী সালমান এফ রহমানকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।


তথ্যসূত্র: ডেইলি ওয়াদা।