ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত মৌসুমী মৌ

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০২:১০ এএম
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত মৌসুমী মৌ

সূত্রঃ ফাইল ছবি

বিনোদন ডেস্ক


উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। একটি অনুষ্ঠানের কাজ শেষে ফেরার পথে তার বহনকারী গাড়িকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিজেই নিশ্চিত করে মৌসুমী মৌ জানান, বড় ধরনের কোনো শারীরিক ঝুঁকি না থাকলেও দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।


দুর্ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। শো শেষে ফেরার পথে পিকআপের ধাক্কায় তিনি গাড়ির এক পাশ থেকে অন্য পাশে ছিটকে পড়েন। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান, তবে গুরুতর কোনো ক্ষতি হয়নি।


মৌসুমী মৌ আরও জানান, তাদের গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, পিকআপটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে কিংবা গাড়ির দরজার দিকে আঘাত করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।


দুর্ঘটনার জন্য পিকআপচালকের বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করেন এই অভিনেত্রী। তার অভিযোগ, চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়ির ব্রেকও ঠিকভাবে কাজ করছিল না। চালকের আচরণ দেখে তাকে স্বাভাবিক অবস্থায় মনে হয়নি বলেও দাবি করেন তিনি। পরে পিকআপটির মালিক এসে জানান, ওই ব্যক্তির সেদিন গাড়ি চালানোর কথা ছিল না।


দুর্ঘটনার খবর প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা মৌসুমী মৌর দ্রুত সুস্থতা কামনা করেছেন।