ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন, হাসপাতালে হাইকমিশনার ও তার স্ত্রী
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হওয়ায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টায় বাংলাদেশমেইল২৪-কে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফজরের নামাজের সময় বাসভবনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় আক্রান্ত হওয়ায় হাইকমিশনার ও তাঁর স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁরা দুজনই স্থিতিশীল রয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
অগ্নিকাণ্ডে বাসভবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান, কক্ষে বড় ধরনের আগুন ছিল না; তবে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। পরে বালতি ও মগ ব্যবহার করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শর্ট সার্কিটের কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমকে/বিডিমেইল২৪








