কালিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর, আহত মা

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৩:০২ এএম
কালিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর, আহত মা

সূত্রঃ ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি


সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মুসলিমা খাতুন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলাম বিশ্বাস তার স্ত্রী, ছেলে ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে মুকুন্দমধুসুদনপুর চৌমুহনী-সরদারপাড়া সড়কে পৌঁছালে বাঁশতলা বাজারগামী দ্রুতগতির একটি ট্রাক (খুলনা মেট্রো-ড ১১-০৩০৭) ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।


সংঘর্ষের পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মোস্তাকিম হোসেন। এ সময় তার মা মুসলিমা খাতুনের একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে চালক আলামিন হোসেনকে গণপিটুনি দেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করলে খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাক ও চালককে থানায় নেওয়া হয়।


কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।