ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে সারা দেশে এ কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ফ্যামিলি কার্ড প্রদান–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, ২০২৭ সালের জুনের মধ্যে ৪০ লাখ ২০ হাজার পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী চার বছরের মধ্যে দেশের মোট ১ কোটি ৬০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাজকল্যাণমন্ত্রী আরও জানান, আগামী ছয় সপ্তাহের মধ্যে সারা দেশে সম্ভাব্য সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। তবে কার্ডের তথ্য সংশোধন ও হালনাগাদের সুযোগ অব্যাহত থাকবে। তথ্যের সঠিকতা নিশ্চিত করতে তিন ধাপে যাচাই-বাছাই করা হবে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডধারীরা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে তাদের প্রাপ্য অর্থ উত্তোলন করতে পারবেন।








