অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন শরিফুলের
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। ইনজুরির কারণে প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার শরিফুল ইসলাম।
ম্যাকাইয়ে অনুশীলনের আগে বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে শরিফুল বলেন, প্রথম টেস্টে খেলতে না পারায় তিনি হতাশ নন। বরং দলের সতীর্থদের জন্য সবসময় দোয়া করেছেন এবং বাংলাদেশের বড় জয় দেখে অন্য সবার মতো তিনিও আনন্দিত হয়েছেন।
অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নাহিদ রানা ও বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসার প্রসঙ্গে শরিফুল বলেন, অন্য দেশের কিংবদন্তিরা বাংলাদেশের কোনো খেলোয়াড়কে নিয়ে ভালো কথা বললে সেটি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।
সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে শরিফুল বলেন, ‘অবশ্যই, কোনো দলই চায় না যে সিরিজ না জিতুক। আমরাও সিরিজ জিততে চাই। ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব।’
ইনজুরি থেকে ফেরার পর সাবেক বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও জানান শরিফুল। তিনি বলেন, ডোনাল্ড ব্যক্তিগতভাবে তাকে বার্তা দিয়ে পরের ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছেন।









