চবিতে সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শামীম, সামি ও মোস্তফা
সূত্রঃ সভাপতি মো. শামীম হোসাইন (মাঝে), সাধারণ সম্পাদক সাইফ আলি সামি (ডানে) এবং মোস্তফা রহমান (বামে)
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম হোসাইন। সাধারণ সম্পাদক হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ আলী সামি এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তফা রহমান।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের সেকশন অফিসার মো. দাউদ নবী এবং জনসংযোগ দপ্তরের কর্মকর্তা ইমাম ইমু।
নির্বাচন অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক মো. নুরনবী, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রভাষক সাইদুর রহমান এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক নাজনীন আক্তার নীলুসহ সংগঠনের সদস্যরা।
সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার সামনে নবনির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
এ সময় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক (বিসিএস শিক্ষা) মু. শফিকুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি মো. শামীম হোসাইন বলেন, ‘আমরা সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে শিক্ষার্থীদের সহযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। সুবর্ণচরের শিক্ষার্থীরা কীভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারে, সে বিষয়ে আমরা কাজ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুবর্ণচরের শিক্ষার্থীদের পাশে অতীতের মতো ভবিষ্যতেও আমরা থাকব। সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই। আশা করি, একসময় আমাদের কার্যক্রম দেখে সবাই সংগঠন নিয়ে গর্ববোধ করবে।’
সাধারণ সম্পাদক সাইফ আলী সামি বলেন, ‘অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সভাপতি ও অন্যান্য সদস্যের সঙ্গে সমন্বয় করে, সিনিয়র ও জুনিয়রদের সহযোগিতা নিয়ে সংগঠনের অগ্রগতির জন্য কাজ করব। সুবর্ণচর থেকে আসা প্রতিটি শিক্ষার্থীর সুখে-দুঃখে আমরা সবসময় পাশে থাকব।’
উল্লেখ্য, সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুবর্ণচরের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সুবর্ণচরের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।









