একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা।
বুধবার (১৯ আগস্ট) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী এসব তথ্য জানান।
অনুমোদিত প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা। বাকি ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা প্রকল্প ঋণ থেকে সংস্থান করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের জরাজীর্ণ স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ এবং ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল নির্মাণ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতু রক্ষণাবেক্ষণে আধুনিক প্রযুক্তির সক্ষমতা বাড়ানোর প্রকল্পও অনুমোদন করা হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাট সদর উপজেলাকে ধরলা নদীর ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধ শক্তিশালী করার দুটি প্রকল্প রয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প অনুমোদন পেয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুটি প্রকল্পের মধ্যে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ রয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদিত হয়েছে।
এদিকে, পরিকল্পনামন্ত্রী কর্তৃক আগে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও নয়টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।









