স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনির প্যারোল মঞ্জুর করা হয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন তানি দীপাবলি। দুপুর ১২টার দিকে তিনি কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন। পরে দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোলের আবেদন জমা দেন। পরে প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।
পারিবারিক সূত্র জানায়, প্যারোলে মুক্তি পেয়ে ঢাকায় পৌঁছানোর পর স্বামী তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেবেন দীপু মনি।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬০টির বেশি মামলা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।








