বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বারবার কেঁদেছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দলীয় সংসদ সদস্যদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।


বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে প্রায় দেড় ঘণ্টার এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের ধারণা দেন এবং মির্জা ফখরুলের পক্ষে ভোট চান। তিনি জানান, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুলও ভোট দেবেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নিলে তাঁর ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হবে।


এরপর বক্তব্য দিতে গিয়ে শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


দলে দীর্ঘদিন বিভিন্ন দায়িত্ব পালনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাঁর দায়িত্ব পালনের সময়ে কোনো ভুল হয়ে থাকলে বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। দল তাঁকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, তা জীবন দিয়ে হলেও রক্ষা করবেন বলেও জানান তিনি।


বঙ্গভবনে দায়িত্ব নেওয়ার পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল। বক্তব্যের একপর্যায়ে তিনি কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। এতে সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।


ঐক্য ধরে রাখার বার্তা তারেক রহমানের


সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনেক ত্যাগ ও মূল্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের সর্বত্র জবাবদিহি প্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন তিনি।


মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, দলের কঠিন সময়ে তিনি সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং কখনো হাল ছাড়েননি। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে জয়ী করতে দলীয় সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই এ দূরত্ব বাড়তে দেওয়া যাবে না।


দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার প্রতিযোগিতা কঠিন হবে উল্লেখ করে তারেক রহমান যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার ওপর গুরুত্ব দেন। দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেউ যাতে প্রার্থী না হন, সে বিষয়েও এখন থেকেই সাংগঠনিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।



এমকে/বিএম২৪