কলকাতায় হোটেলে আগুন, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম
কলকাতায় হোটেলে আগুন, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত

সূত্রঃ সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি


ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৯), তিন বছর বয়সী সন্তান শর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন (৬৪) নিহত হয়েছেন।


নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন।


বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক আজকের আলোর সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি জানান, কলকাতার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, চিকিৎসার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে কলকাতায় গিয়েছিলেন দেবাশীষ দত্ত। সেখানে হোটেলে আগুন লাগার পর তারা আর বের হতে পারেননি। অগ্নিকাণ্ডে দেবাশীষের স্ত্রী, সন্তান ও শ্বশুরও প্রাণ হারান।


স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূরের বরাত দিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। ভারতের সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমও এ ঘটনায় আট বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর প্রকাশ করেছে।


দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর কুষ্টিয়ায় পৌঁছালে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের বাড়িতে চলছে শোক ও আহাজারি।