১৭ দিনেও গ্রেপ্তার নন রাবি শিক্ষক, ক্ষোভে ভুক্তভোগীর পরিবার
সূত্রঃ ছবি: বিডিমেইল
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. এনামুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া অপহরণ, নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় ১৭ দিন পার হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজশাহী রিপোর্টার্স ইউনিটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিভাবক মো. আব্দুল হাকিম অভিযোগ করেন, তার মেয়ে নূরজাহান সুলতানা রেনির ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন অভিযুক্ত শিক্ষক। পাশাপাশি প্রায় ১৪০ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ এবং এক কোটি টাকা যৌতুক দাবির অভিযোগও তোলেন তিনি। এসবের জেরে একাধিকবার হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৪ জুলাই রাতে মো. এনামুল হক সাত সহযোগীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর কাজলা অক্ট্রয় মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তার স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যান এবং অজ্ঞাত স্থানে আটকে রাখেন। স্থানীয় বাসিন্দারা ঘটনার ভিডিও ধারণ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ১৯ জুলাই মতিহার থানায় দণ্ডবিধির ৩৬৪/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। তবে পরিবারের অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার সরকারের দায়িত্বে গাফিলতির কারণে এখনো প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারা দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মো. এনামুল হক বলেন, বিষয়টি আদালত ও পুলিশ দেখছে এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে মতিহার থানার সদ্য দায়িত্ব নেওয়া অফিসার ইনচার্জ (ওসি) মো. আরজুন বলেন, তিনি সম্প্রতি থানায় যোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার সরকার জানান, মামলার তদন্ত চলমান রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এমকে/বিডিমেইল২৪









