১৫ আগস্টে চবিতে ‘ফ্যাসিবাদবিরোধী দৌড়’ কর্মসূচি

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৪ এএম
১৫ আগস্টে চবিতে ‘ফ্যাসিবাদবিরোধী দৌড়’ কর্মসূচি

সূত্রঃ সংগৃহীত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিভাগের উদ্যোগে ‘ফ্যাসিবাদবিরোধী দৌড়’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান। এতে চাকসুর সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস)সহ কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান বলেন, গত ১৭ বছরে হাসিনার ফ্যাসিবাদ দেশের সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলেছিল। স্বাধীনতার পর দেশে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তাদের বিরুদ্ধে অবস্থান জানানোর জন্য চাকসুর এমন আয়োজন প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

চাকসুর ভিপি ইবরাহীম হোসেন রনি বলেন, চাকসুর ব্যানারে এমন একটি আয়োজনের পরিকল্পনা আগে থেকেই ছিল। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক শেষ পর্যন্ত কর্মসূচিটি বাস্তবায়ন করেছেন। চাকসুর মেয়াদকালে এ ধরনের আরও আয়োজন করা হবে বলেও জানান তিনি।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের সাধারণ মানুষ যে পরিস্থিতির শিকার হয়েছেন, তার বিরুদ্ধে এই আয়োজন একটি স্মারক হয়ে থাকবে। কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আয়োজনের সার্থকতা প্রকাশ করে বলে মন্তব্য করেন তিনি।

কর্মসূচির বিষয়ে চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মৃতি এখনো মানুষের মনে জাগ্রত। ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান জানাতে ১৫ আগস্ট ‘চাকসুর আয়োজনে ফ্যাসিবাদবিরোধী দৌড়’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি জানান, মুজিব, শেখ হাসিনা ও এরশাদের শাসনামলের ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতীকী অবস্থান হিসেবেই কর্মসূচিটি আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা দৌড়ের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী অবস্থান তুলে ধরেন। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও চাকসুর উদ্যোগে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও ফ্যাসিবাদবিরোধী চেতনা নিয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।