লোডশেডিংয়ের ভিডিও প্রকাশ, চাকরি হারালেন পল্লী বিদ্যুতের কর্মী
সূত্রঃ সংগৃহীত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে লোডশেডিং ও গ্রাহকদের দুর্ভোগের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করায় চাকরি হারিয়েছেন পল্লী বিদ্যুতের এক লাইনম্যান। চাকরিচ্যুত ওই কর্মীর নাম সুমন হোসেন। তিনি মিঠাপুর জোনে কর্মরত ছিলেন।
গত ১২ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সুমন তার ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের পেজে দেশের বিদ্যুৎ পরিস্থিতি ও লোডশেডিং নিয়ে বিভিন্ন ভিডিও প্রকাশ করতেন।
সুমনের দাবি, গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহের বাস্তব পরিস্থিতি জানানো এবং বিদ্যুৎকর্মীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরতেই তিনি ভিডিওগুলো করেছিলেন। তার ভাষ্য, দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংকে কেন্দ্র করে বিদ্যুৎ অফিসে হামলা ও কর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটছিল। মিঠাপুরে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, সে উদ্দেশ্যেই তিনি ভিডিও প্রকাশ করেন।
তবে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে বিষয়টি পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।
চাকরি হারানোর পর জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সুশান্ত রায়ের কাছে লিখিত বক্তব্য দিয়েছেন সুমন। সেখানে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে ভবিষ্যতে বিদ্যুৎ-সংক্রান্ত কোনো ভিডিও বা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার কথা জানিয়েছেন। একই সঙ্গে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে, মাদারীপুরে ঘনঘন লোডশেডিংয়ে গ্রাহকদের দুর্ভোগও বেড়েছে। তীব্র গরমে শিশু, বয়স্ক ও অসুস্থদের পাশাপাশি শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষও সমস্যায় পড়ছেন।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। তবে বিদ্যুৎ নিয়ে অসন্তোষ থাকলেও মাঠকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার বা হামলা কোনো সমাধান নয় বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে গ্রাহকদের অভিযোগ গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সুশান্ত রায় বলেন, লোডশেডিং নিয়ে সুমনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও কর্তৃপক্ষের নজরে আসে। এসব ভিডিওকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরির অভিযোগ ওঠায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এমকে/বিডিমেইল









