‘হারিকেন সামনে, পেছনে ফ্যান’ মন্তব্যের জবাব দিলেন আসিফ মাহমুদ

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১২:২৩ এএম
‘হারিকেন সামনে, পেছনে ফ্যান’ মন্তব্যের জবাব দিলেন আসিফ মাহমুদ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন হাতে কর্মসূচি পালনকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী সামনে হারিকেন নিয়ে গ্যাস-বিদ্যুতের দাবিতে কর্মসূচি পালন করলেও তাদের পেছনে ফ্যান চলছিল। এমন কর্মসূচিকে তিনি ‘হঠকারিতা’ হিসেবে উল্লেখ করেন।


প্রধানমন্ত্রীর এ বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, কর্মসূচিতে ব্যবহৃত ফ্যান ও মাইক বিদ্যুৎ সংযোগে নয়, জেনারেটরের মাধ্যমে চালানো হয়েছিল। তার দাবি, কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট এলাকায় অধিকাংশ সময় বিদ্যুৎ ছিল না। তাই বিকল্প হিসেবে জেনারেটর ব্যবহার করে প্রয়োজনীয় সরঞ্জাম চালানো হয়।


এদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের বিষয়টি স্বীকার করার পাশাপাশি দ্রুত পরিস্থিতির উন্নতির আশ্বাসও দেওয়া হয়েছে। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কমে আসতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।


প্রধানমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সংকট সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো দলের পরিকল্পনা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কার্যকর হলে সরকার তা গ্রহণ করে বাস্তবায়ন করবে।


অন্যদিকে, গ্যাস সংকট কাটাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির উদ্যোগের কথাও জানান তিনি।