জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয়রাস্তা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার কথিত কটূক্তির প্রতিবাদে গণঅধিকার পরিষদের জেলা শাখা ছয়রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। একই সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে গাড়িতে করে নিজ বাড়িতে ফিরছিলেন আমির হামজা। তার গাড়িবহর বিক্ষোভ মিছিল অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের ঘটনায় সংসদ সদস্য মুফতি আমির হামজা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতা-কর্মী লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালান। এতে তিনি এবং জামায়াতের অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে আমির হামজার কথিত কটূক্তির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা তাদের কর্মসূচিতে হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুর চালান। এতে তিনি ও দলের আরও দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমকে/বিএম২৪









