সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়িবহরে হামলা, ভাঙল কাচ

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১২:৫০ এএম
সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়িবহরে হামলা, ভাঙল কাচ

সূত্রঃ সংগৃহীত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা


সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় গাড়ির কাচ ভেঙে গেলেও এমপি আয়নুল হক আহত হননি।


শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


এমপি আয়নুল হক ও তাঁর অনুসারীরা হামলার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীরা জামায়াতের ইন্ধনে গাড়িবহরে হামলা চালিয়েছে।


ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়সল বিশ্বাসের ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে আয়নুল হক বলেন, দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে তাঁরা বের হয়েছিলেন। এ সময় একদল দুষ্কৃতকারী তাঁদের ওপর হামলা চালায়।


তবে অভিযোগ অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মোর্তজা দাবি করেন, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে নিজেদের গাড়ি নিজেরাই ভাঙচুর করে এর দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।


অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, হামলায় এমপি আয়নুল হক আহত হননি। তবে তাঁর গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।