একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ইন্দোনেশিয়ায় একই দিনে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটিতে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


শনিবার (১৫ আগস্ট) ভোরে পূর্ব ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এই ভূমিকম্পেই ৪৭ জনের মৃত্যু হয়েছে।


ভূমিকম্পে বহু ভবন ও অবকাঠামো ধসে পড়ে। এতে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। উদ্ধারকারীরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছেন।


দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারাইয়ান্তো জানান, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৪৭টি মরদেহ উদ্ধার করেছেন। এর মধ্যে বেশিরভাগ মরদেহ উদ্ধার করা হয়েছে সিক্কা, মানাগ্গারাই ও পূর্ব মানাগ্গারাই এলাকা থেকে। এ ছাড়া আহত অবস্থায় ৫০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ১৫৭টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে। আরও প্রায় ২০০টি বাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ২ হাজার বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে।


এদিকে ভোরের ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। স্থানীয় বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।


ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাগরে এমন কোনো অস্বাভাবিক ঢেউ দেখা যায়নি, যা উপকূলীয় এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে।


এরই মধ্যে শনিবার বিকেলে পূর্বাঞ্চলের সুমাত্রায় আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। একই দিনে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় দেশটির বিভিন্ন এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সূত্র: সিবিএস নিউজ