সামনে গাড়িতে ধাক্কা, আগুনে পুড়ে ছাই স্লিপার কোচ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০১:০৯ পিএম
সামনে গাড়িতে ধাক্কা, আগুনে পুড়ে ছাই স্লিপার কোচ

সূত্রঃ সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি:


কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জের রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।


আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। কিছুক্ষণের মধ্যেই আগুনে পুরো বাসটি পুড়ে যায়।


স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তবে তার আগেই সব যাত্রী নিরাপদে বাস থেকে বের হয়ে যান। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পুরো বাসটি পুড়ে যায়।


প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন বলেন, আগুন দেখে তিনি দ্রুত মহাসড়কে ছুটে যান। যাত্রীরা নিরাপদে বের হতে পারলেও মুহূর্তের মধ্যেই বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।


ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুন লাগে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় কেউ গুরুতর আহত বা নিহত হননি।


তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



এমকে/বিএম২৪