ফজরের নামাজের সময় সেজদায় মৃত্যু: পটুয়াখালী মসজিদের ইমামের শেষ বিদায়

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম
ফজরের নামাজের সময় সেজদায় মৃত্যু: পটুয়াখালী মসজিদের ইমামের শেষ বিদায়

সূত্রঃ সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি


পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নে ফজরের সুন্নত নামাজ আদায়ের সময় সেজদায় গিয়ে হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর মৃত্যু হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) ভোরে শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যান হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ। দীর্ঘ সময় পার হলেও তিনি সেজদা থেকে না ওঠায় পাশে থাকা মুসল্লিরা এগিয়ে যান। পরে তাঁকে সেজদারত অবস্থায় মৃত অবস্থায় দেখতে পান তারা।


মরহুম আতাউল্লাহ দুমকী উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে। গত দেড় বছর ধরে তিনি শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


স্থানীয়দের ভাষ্য, শান্ত স্বভাব ও নম্র আচরণের কারণে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ দুই সন্তানের জনক ছিলেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।