শাহ আমানতে ১,৮০২ কার্টন সিগারেট, মিলল ১৩ আইফোন

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম
শাহ আমানতে ১,৮০২ কার্টন সিগারেট, মিলল ১৩ আইফোন

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের তিন যাত্রী ও একটি পরিত্যক্ত ব্যাগ থেকে মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন উদ্ধার করা হয়।


সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির কর্মকর্তারা নজরদারি শুরু করেন। পরে সন্দেহভাজন তিন যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।


তিন যাত্রীর মধ্যে এমডি মঈনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টনসহ মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন পাওয়া যায়। আবদুল মান্নানের ব্যাগেজ থেকে প্লাটিনামের ২৩৩ কার্টন ও মন্ডের ১৩ কার্টনসহ ২৪৬ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়। আর নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টনসহ মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন উদ্ধার করা হয়।


তবে অভিযানের সবচেয়ে বড় চমক আসে বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। সেখানে পড়ে থাকা একটি মালিকানাবিহীন ব্যাগ তল্লাশি করে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।


সিআইআইডি জানিয়েছে, জব্দ করা ১ হাজার ৮০২ কার্টন সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এর ওপর প্রযোজ্য ৬২১ শতাংশ শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে, ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং এর ওপর ৫৮ শতাংশ শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।


একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে প্রায় একই ধরনের পণ্য এবং ব্যাগেজ বেল্টে বিপুল পরিমাণ মালিকানাবিহীন সিগারেট উদ্ধারের ঘটনায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ঘটনাটি কোনো সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত কর্মকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে সিআইআইডি।


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।



এমকে/বিএম২৪