৬ মাসে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম
৬ মাসে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


গত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদনসংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণ কতটা সন্তুষ্ট, তা জনগণই মূল্যায়ন করবে। তবে সরকারের দৃষ্টিতে গত ছয় মাসে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন।


তিনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস পার হয়েছে। এরই মধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। গত ১৮০ দিনে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগও জনগণের প্রশংসা পেয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত রূপরেখা অনুযায়ী সরকারের প্রথম ১৮০ দিনে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর সরকার বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মুখোমুখি হলেও সেগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে।


জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি ও গ্যাস সংকট দেখা দিলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ বিবেচনায় প্রায় এক মাস মূল্যবৃদ্ধি স্থগিত রাখা হয়। পরে সহনীয় পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে। অথচ ওই সময়ে বিশ্ববাজার ও প্রতিবেশী দেশগুলোতে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ বেড়েছিল।


দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার টেকসই পরিকল্পনার মাধ্যমে এ সংকট মোকাবিলায় কাজ করছে। বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।


তিনি জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পর সেখানে একটি পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সামিট ও এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন কমাতে একাধিক এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সম্ভাব্য স্থান নির্ধারণে জরিপ চলছে।


আমদানি নির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরীণ এবং অফশোর ও অনশোর এলাকায় নতুন গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানান তিনি। তার আশা, আগামী কয়েক বছরের মধ্যে গ্যাস সংকটের টেকসই সমাধান সম্ভব হবে।


সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চলছে।


তিনি আরও জানান, বিভিন্ন ধর্মের ধর্মীয় কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেশের ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগও নেওয়া হয়েছে।


খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সময়োপযোগী নীতি ও সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের শক্তিশালী ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।


তিনি জানান, সরকারের প্রথম ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অর্জন ও অগ্রগতির সমন্বিত প্রতিবেদন শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর থেকে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।


এমকে/বিএম২৪