মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম
মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:


মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে আগামী অক্টোবর থেকে মোংলা বিশেষ অর্থনৈতিক জোনে কার্যক্রম শুরুর পরিকল্পনার কথাও জানান তিনি।


রোববার বিকেলে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।


শেখ রবিউল আলম বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণ এবং সরকারের প্রতি জনগণের আস্থা ও দায়বদ্ধতা নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।


মোংলার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক জোনে কার্যক্রম শুরু হলে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মোংলা বন্দরের কাছাকাছি আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনাও রয়েছে। সেখান থেকে প্রায় ২৩ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে মোংলায় গ্যাস সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে এ গ্যাস ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।


মন্ত্রী আরও বলেন, মোংলা বন্দরকে আধুনিক ও আরও সক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন জেটি নির্মাণের পাশাপাশি বন্দরে কোল্ড স্টোরেজ স্থাপন এবং মোংলাকে শিল্পাঞ্চল বা ‘ইন্ডাস্ট্রিয়াল হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার সঙ্গে প্রতিযোগিতা করার মতো অবস্থানে মোংলা বন্দরকে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।


মন্ত্রী মোংলায় আসায় পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।


অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪