৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরানোর স্বীকৃতি মিয়ানমারের
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের প্রত্যাবাসন শুরু হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৭ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন বাস্তুচ্যুত মানুষকে রাখাইনের বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।
এর আগে নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় একাধিকবার রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এর মধ্যে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
২০১৭ সালে মিয়ানমারে সহিংসতা ও নির্যাতনের পর থেকে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুরু থেকেই বাংলাদেশ নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে আসছে। অন্যদিকে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাওয়ার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমকে/বিএম২৪









