১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০১:১৯ পিএম
১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



রাজধানীতে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই ‘পিংক বাস’ সার্ভিস আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হবে।


রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পিংক রঙের এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।


বিআরটিসি জানিয়েছে, সার্ভিসের বাসগুলোতে চালক ও কন্ডাক্টর হিসেবে শুধু নারীরাই দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে রাজধানীতে নারীদের গণপরিবহন ব্যবহারে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করা হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।


বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।



এমকে/বিএম২৪