বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম
বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ

সূত্রঃ সংগৃহীত

বেরোবি প্রতিনিধি:


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার ২০২৬-২৭ কার্যকালের নতুন নেতৃত্বে এসেছেন শুভ কর্মকার ও রুশাইদ আহমেদ। এতে সভাপতি হয়েছেন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ কর্মকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুশাইদ আহমেদ।


সোমবার (১৭ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ কার্যকালের জন্য শুভ কর্মকারকে সভাপতি এবং রুশাইদ আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর জমা দিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।


নতুন নেতৃত্বকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ লেখকদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করা, তরুণদের সৃজনশীলতা বিকাশ এবং সাহিত্য ও লেখালেখিভিত্তিক বিভিন্ন কার্যক্রম জোরদারে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


নতুন দায়িত্ব পাওয়ার পর সাধারণ সম্পাদক রুশাইদ আহমেদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শিক্ষার্থীদের লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক চর্চার একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করে আসছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে সেই চর্চা ছড়িয়ে দিতে তারা কাজ করবেন। সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


সভাপতি শুভ কর্মকার বলেন, ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য আনন্দের পাশাপাশি বড় দায়িত্বও। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সক্রিয় ও সুন্দরভাবে এগিয়ে নিতে চান তিনি।


তিনি আরও বলেন, তরুণদের লেখনী, চিন্তা ও সৃজনশীলতাকে বিকশিত করতে সবাইকে নিয়ে কাজ করা হবে। এ জন্য সবার সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন তিনি।



এমকে/বিএম২৪