সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

সংগৃহীত

স্টাফ রিপোর্টার


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি।


রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, বিএনপি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। বিগত আওয়ামী লীগ সরকার দমন-পীড়নের মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেও সফল হয়নি। মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং আজীবন মানুষের সেবা ও কল্যাণে কাজ করেছেন।


তিনি আরও বলেন, ১৯৭৫ সালে দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জি এম রবিউল্যাহ বাহার ও মো. শাকিলুর রহমান খান (শাকিল), উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাসানুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ হাসানুজ্জামান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার সিদ্দিক ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।


এমকে/বিএম২৪