পাসপোর্ট সংশোধনের নামে প্রতারণা, ভুয়া লিংকে ক্লিক না করার সতর্কবার্তা
ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট
পাসপোর্ট আবেদনের তথ্য সংশোধনের নামে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। এ বিষয়ে আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। একই সঙ্গে প্রতারক চক্রের পাঠানো ভুয়া মেসেজ ও লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রোববার (৮ নভেম্বর) জারি করা এক স্মারকে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি গণমাধ্যমে সতর্কবার্তাটি প্রচারের মাধ্যমে জনসচেতনতা তৈরির অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পাসপোর্ট আবেদনের তথ্য সংশোধনের জন্য পাসপোর্ট অফিস থেকে অর্থ লেনদেনসংক্রান্ত কোনো ধরনের মেসেজ বা লিংক পাঠানো হয় না। তাই এ ধরনের মেসেজ পেলে তাতে ক্লিক করা কিংবা কোনো ধরনের অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. হাফিজুর রহমান মহাপরিচালকের পক্ষে স্বাক্ষরিত ওই বার্তায় আরও বলা হয়, সরকারি নির্ধারিত ফি ছাড়া আবেদনকারীদের অতিরিক্ত কোনো অর্থ লেনদেন করা উচিত নয়।
সতর্কবার্তায় পাসপোর্ট আবেদনকারীদের অপরিচিত কোনো লিংকে ক্লিক না করা এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতারণা এড়াতে পাসপোর্টসংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা গ্রহণের ক্ষেত্রে অধিদপ্তরের নির্ধারিত সরকারি মাধ্যম ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।








