কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি


‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।


রোববার (৮ নভেম্বর) সমবায় বিভাগ, কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার আয়োজন করা হয়।


এ উপলক্ষে খরমপট্টি এলাকার সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সোহানা নাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং জেলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. নবীউল ইসলাম। আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের ওপর অতিথি, বিশিষ্ট সমবায়ী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা তুলে ধরেন।


আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ সমবায়ী এবং সর্বোচ্চ সিডিএফ প্রদানকারী সমবায় সমিতিকে ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।


অনুষ্ঠানে সমবায়ীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।