নেতানিয়াহুকে বাদ দিয়ে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। পার্লামেন্ট নির্বাচনে কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট কিংবা আইজেনকোটের বিরোধী জোট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে আরব দলগুলো আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে।
বিবিসির রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, ‘এখন সময় একটি জাতীয় জরুরি সরকার গঠনের। আমরা যেন এর যোগ্য হয়ে উঠতে পারি, তার জন্য সবকিছু করব।’
নির্বাচনের ফল অনুযায়ী, নেসেটের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে নতুন সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে আইজেনকোট এখন পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে অনীহা প্রকাশ করেছেন। তাঁর জোটের ইহুদিবাদী দলগুলোর একাংশও আরব দলগুলোর সঙ্গে একত্র হতে আগ্রহী নয়। এ অবস্থায় অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে আইজেনকোটের জোট।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করার পর তিনি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এ সিদ্ধান্ত নেতানিয়াহু ও আইজেনকোট—উভয়কেই জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী পদে আইজেনকোটের পক্ষে ৬৭টি আসনের সমর্থন এসেছে। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন এসেছে ৪৬টি আসনের।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। দেশটিতে সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে অন্তত ৬১টি আসনের সমর্থন পেতে হয়।
সূত্র: বিবিসি
এমকে/বিএম২৪









