কালিয়াকৈরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, মহাসড়ক অবরোধমুক্ত

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
কালিয়াকৈরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, মহাসড়ক অবরোধমুক্ত

সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধমুক্ত রয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে।


সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় কোথাও অবরোধের খবর পাওয়া যায়নি। ফলে এসব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে। দুই দিনের ছুটি শেষে শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।


কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘আজকের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ প্লাটুন বিজিবি, পুলিশ, শিল্প পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কাজে ফিরেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদিন পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।’


এমকে/বিএম২৪