শৈশবের বিশ্বাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে ইসলাম গ্রহণ মার্কিন আদিবাসী তরুণীর

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
শৈশবের বিশ্বাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে ইসলাম গ্রহণ মার্কিন আদিবাসী তরুণীর

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাষ্ট্রের আদিবাসী সংরক্ষিত এলাকায় (নেটিভ আমেরিকান রিজার্ভেশন) বেড়ে ওঠা অ্যাঞ্জেলা দীর্ঘদিন ধরে নিজের ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের সন্ধান করেছেন। বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করেও মনের প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছিলেন না তিনি। একপর্যায়ে পবিত্র কোরআন পড়তে গিয়ে নিজের শৈশবের বিশ্বাস ও জীবনচর্চার সঙ্গে ইসলামের নানা শিক্ষার মিল খুঁজে পান। পরে ইসলাম গ্রহণ করেন তিনি।


সম্প্রতি ইসলামবিষয়ক ওয়েবসাইট ‘এবাউট ইসলাম’-এ প্রকাশিত এক লেখায় নিজের ইসলাম গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেছেন অ্যাঞ্জেলা। গত ১৫ অক্টোবর প্রকাশিত ‘আই’ভ বিন মুসলিম মাই হোল লাইফ বাট আই ডিডন্ট নো ইট!’ শিরোনামের লেখায় তার ধর্মীয় অনুসন্ধানের গল্প উঠে আসে।


অ্যাঞ্জেলা জানান, যুক্তরাষ্ট্রের একটি আদিবাসী সংরক্ষিত এলাকায় তার শৈশব কেটেছে। ছোটবেলা থেকেই দাদা-দাদির কাছে সৃষ্টিকর্তার কথা ও বিভিন্ন আধ্যাত্মিক গল্প শুনে বড় হয়েছেন তিনি। তাদের পরিবারে ধর্মীয় আচার-অনুষ্ঠানের নির্দিষ্ট পরিচয় না থাকলেও আধ্যাত্মিকতা ছিল জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ।


তার বয়স যখন ১০ বছর, তখন অন্য আদিবাসী শিশুদের সঙ্গে তাকে একটি ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে প্রায় দুই বছর কাটান তিনি। তবে ক্যাথলিক ধর্মের শিক্ষা তার কাছে স্পষ্ট হয়ে ওঠেনি। বরং ওই অভিজ্ঞতার পর এ ধর্মের সঙ্গে নিজের বিশ্বাসের মিল খুঁজে পাননি তিনি।


বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে থাকেন অ্যাঞ্জেলা। কিন্তু পরিবারে আধ্যাত্মিক চর্চা থাকলেও নির্দিষ্ট কোনো ধর্মীয় পরিচয় না থাকায় এসব প্রশ্নের উত্তর দিতে পারতেন না।


বিভিন্ন ধর্ম সম্পর্কে অনুসন্ধান


নিজের বিশ্বাস সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে একসময় বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করেন অ্যাঞ্জেলা। যে ধর্ম সম্পর্কে জানার সুযোগ পেতেন, সেটি সম্পর্কে জানার চেষ্টা করতেন। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরও তার মনে থাকা প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর মেলেনি।


একপর্যায়ে এক মুসলিম ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তার। কথোপকথনের সময় মুসলিমদের কিছু ধর্মীয় অনুশীলনের সঙ্গে নিজের জীবনযাপনের মিল খুঁজে পান তিনি। এতে ইসলামের প্রতি তার আগ্রহ তৈরি হয়।


এরপর অনলাইনে ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেন অ্যাঞ্জেলা। ইসলামের বিভিন্ন শিক্ষা তার কাছে অর্থবহ হয়ে উঠতে থাকে। বিশেষ করে যেসব বিষয় তাকে আকৃষ্ট করেছিল, সেগুলোর অনেক কিছুই ছোটবেলায় দাদা-দাদির কাছ থেকে শুনেছিলেন বলে জানান তিনি।


পুরোনো বইয়ের স্তূপে কোরআনের সন্ধান


ইসলাম সম্পর্কে জানার আগ্রহ থেকে একদিন একটি মুদি দোকানে পুরোনো বইয়ের সংগ্রহ দেখতে পান অ্যাঞ্জেলা। সেখানে রাখা বইগুলো বিক্রি করে পাওয়া অর্থ দাতব্য কাজে ব্যয় করা হতো।


বইয়ের স্তূপে ইসলামবিষয়ক কয়েকটি বই দেখতে পেয়ে সেগুলোসহ পুরো সংগ্রহ কিনে বাড়িতে নিয়ে যান তিনি। বইগুলো পড়ার পর ইসলাম সম্পর্কে আগ্রহ আরও বেড়ে যায়। এরপর পবিত্র কোরআন পড়ার সিদ্ধান্ত নেন।


কোরআন পড়ার শুরুতে কিছুটা অস্বস্তি বোধ করলেও ধীরে ধীরে এর শিক্ষার সঙ্গে নিজের দীর্ঘদিনের বিশ্বাস ও জীবনচর্চার মিল খুঁজে পান তিনি।


অ্যাঞ্জেলা বলেন, ‘আমি কোরআন পড়তে থাকলাম। একসময় মনে হলো, আমি তো সারা জীবন ধরেই এসব করে আসছি, অথচ কখনো জানতামই না।’


তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের ধর্মীয় অনুসন্ধান ও আত্মিক উপলব্ধির মধ্য দিয়ে ইসলামের শিক্ষায় নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছেন তিনি। এভাবেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন মার্কিন আদিবাসী তরুণী অ্যাঞ্জেলা।


এমকে/বিএম২৪