সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: রিজভী
সংগৃহীত
মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও সমৃদ্ধ করে সুখী, সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে মানুষ ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করাই সমবায়ের মূল দর্শন। দেশে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। অন্যদিকে ভোক্তাদেরও বেশি দামে পণ্য কিনতে হয়। সমবায় ব্যবস্থা কার্যকর হলে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে এবং গ্রামীণ অর্থনীতির বৈষম্য ও বঞ্চনা দূর হবে।
তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষকে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে।
রবিবার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায় আন্দোলনের যাত্রা শুরু হয়। বাংলাদেশের ইতিহাসেও ‘গ্রাম সমিতি’ নামে একটি স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল। সে সময় গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ। ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবী মানুষ গ্রাম সমিতিতে অর্থ জমা রাখতেন এবং প্রয়োজন অনুযায়ী সেখান থেকে পুঁজি সংগ্রহ করতেন।
তিনি বলেন, ব্রিটিশ শাসকরা এ দেশে ইউরোপীয় অর্থনৈতিক ব্যবস্থা চালু করায় স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ কাঠামো ভেঙে পড়ে। পরবর্তীতে সমবায় আন্দোলনের মাধ্যমে আধুনিক সমবায় ব্যবস্থা গড়ে ওঠে, যা আজও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের ভিত্তিতেই একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) চেয়ারম্যান আগাস্টিন পিউরিফিকেশন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এমকে/বিএম২৪









