সংসার-সন্তান সামলে ৪৫ বছর বয়সে এসএসসি পাস কাঠমিস্ত্রি নাসিমুল

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৩:৩৪ এএম
সংসার-সন্তান সামলে ৪৫ বছর বয়সে এসএসসি পাস কাঠমিস্ত্রি নাসিমুল

সূত্রঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


বয়স যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তা প্রমাণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মো. নাসিমুল হক। সংসার, সন্তান ও পেশাগত ব্যস্ততার মধ্যেও পড়াশোনার স্বপ্ন ধরে রেখে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন তিনি। রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৬২ পেয়েছেন নাসিমুল।


ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা নাসিমুল পেশায় কাঠমিস্ত্রি। পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি।


সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তার সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে ভালো ফল করায় তাকে অভিনন্দন জানান অনেকে।


নাসিমুল হক জানান, সংসার ও কাজের ব্যস্ততার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। ২০০২ সালে পড়াশোনা ছেড়ে সংসারের দায়িত্ব নিতে হয়েছিল তাকে। এরপর দীর্ঘ সময় আর পড়াশোনায় ফেরার সুযোগ হয়নি। তবে মনের মধ্যে শিক্ষার স্বপ্ন সবসময়ই ছিল।


সেই স্বপ্ন থেকেই পরবর্তী সময়ে আবার পড়াশোনা শুরু করেন তিনি। কাজের ফাঁকে সময় বের করে নিয়মিত পড়াশোনা করেছেন। ফল হাতে পাওয়ার পর দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করছেন নাসিমুল।


এক মেয়ে ও দুই ছেলের বাবা নাসিমুল সন্তানদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হতে চান। তার বিশ্বাস, শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স নেই। ইচ্ছা ও চেষ্টা থাকলে জীবনের যেকোনো সময় নতুন করে পড়াশোনা শুরু করে সফল হওয়া সম্ভব।


এসএসসি পাস করেই থেমে যেতে চান না নাসিমুল। ভবিষ্যতে আরও পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, সুযোগ ও সামর্থ্য থাকলে সামনে আরও পড়তে চান। একই সঙ্গে সন্তানদেরও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি সংসারের দায়িত্ব সামলে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করা নাসিমুলের এই অর্জন নিঃসন্দেহে প্রশংসনীয়। তার সাফল্য এলাকার অন্যদেরও নতুন করে পড়াশোনায় উৎসাহিত করবে।


ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি ৪৫ বছর বয়সে পড়াশোনা করে ভালো ফল করা নাসিমুল হক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই অর্জনে তারা আনন্দিত।