বুধবার আখেরি চাহার সোম্বা, কেন গুরুত্বপূর্ণ
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এদিন স্কুল-কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
‘আখেরি চাহার সোম্বা’ শব্দের অর্থ শেষ বুধবার। ফারসি শব্দ থেকে এ নামের উৎপত্তি। ইসলামী ঐতিহ্যে সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়। প্রচলিত মতে, দিনটি সফর মাসের ২৬ তারিখে পালিত হয়ে থাকে।
মুসলিম সমাজে দীর্ঘদিন ধরে দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ ও মোনাজাতের আয়োজন করা হয়। অনেকে নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি কাটান।
প্রচলিত বর্ণনা অনুযায়ী, হজরত মুহাম্মদ (সা.) জীবনের শেষ দিকে সফর মাসে অসুস্থ হয়ে পড়েন। পরে মাসের শেষ বুধবার তিনি কিছুটা সুস্থতা অনুভব করেন বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ রয়েছে। এদিন তিনি গোসল করেন, কিছু পানাহার করেন এবং মসজিদে নববিতে গিয়ে নামাজের ইমামতি করেন বলে প্রচলিত আছে।
তবে রাসুলুল্লাহ (সা.)-এর শেষ অসুস্থতা নিয়ে বিভিন্ন হাদিসে বিস্তারিত বর্ণনা থাকলেও দিন-তারিখ ও সময়ের বিষয়ে সুনির্দিষ্ট উল্লেখ পাওয়া যায় না। এ কারণে এ বিষয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে ভিন্নমত রয়েছে।
প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে অনেক মুসলিম আখেরি চাহার সোম্বাকে শুকরিয়া আদায় ও নফল ইবাদতের দিন হিসেবে পালন করেন। এ কারণে মুসলিম সমাজে দিনটির একটি বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে।









