থাইল্যান্ডে শুটিংয়ে দুর্ঘটনা, আহত খায়রুল বাসার

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০২:৩০ এএম
থাইল্যান্ডে শুটিংয়ে দুর্ঘটনা, আহত খায়রুল বাসার

সূত্রঃ ফাইল ছবি

বিনোদন ডেস্ক


থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তার সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।


খায়রুল বাসার জানান, নাটকের শুটিংয়ের জন্য তারা থাইল্যান্ডে গিয়েছিলেন। কোলান দ্বীপে পাহাড়ের ওপর একটি দৃশ্যের শুটিং শেষে স্কুটিতে করে নিচে নামার সময় হঠাৎ সেটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে তারা দুজনই পড়ে গিয়ে আহত হন।


দুর্ঘটনার পর শুটিং দলের সদস্যরা কিছুটা দূর থেকে এসে তাদের উদ্ধার করেন। পরে তারা পাতায়ায় যান চিকিৎসা নিতে।


খায়রুল বাসার বলেন, দুর্ঘটনায় তার বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। বর্তমানে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার এক্স-রে করাতে হবে। শারীরিক অবস্থার কারণে আপাতত শুটিং চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানান তিনি।


অন্যদিকে, চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন অংশ ছড়ে গেছে। তিনিও বেশ আহত হয়েছেন। দুজনেরই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


দুর্ঘটনার কারণে তাদের শুটিং আপাতত বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিন বিশ্রামে থাকতে হবে খায়রুল বাসারকে। ফলে শিগগিরই শুটিংয়ে ফেরার সম্ভাবনা নেই।


জানা গেছে, ঈদের পর বিরতি কাটিয়ে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গিয়েছিলেন খায়রুল বাসার। এসব নাটকে তার সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে কাজ করছেন।