রাসিক মেয়র পদে জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০২:১২ এএম
রাসিক মেয়র পদে জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর

সূত্রঃ ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। ফাইল ছবি

রাজশাহী প্রতিনিধি


রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।


তিনি জানান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়েছে দলটি।


ডা. জাহাঙ্গীর বর্তমানে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের সেক্রেটারি ছিলেন। সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকায় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ।


পেশায় চিকিৎসক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তিনি প্রতিষ্ঠানটির অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর কাছে ২৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।


এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করল জামায়াতে ইসলামী।