ছোটবেলা থেকেই রিয়ালে খেলার স্বপ্ন দেখতাম: দিয়োমান্দে

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০১:৩২ এএম
ছোটবেলা থেকেই রিয়ালে খেলার স্বপ্ন দেখতাম: দিয়োমান্দে

সূত্রঃ ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক


রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন ইয়ান দিয়োমান্দে। ১৪০ মিলিয়ন ইউরো খরচ করে আইভরি কোস্টের এই তরুণ উইঙ্গারকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। বিশাল এই অঙ্কই প্রমাণ করে, দিয়োমান্দের ওপর কতটা আস্থা রেখেছে রিয়াল মাদ্রিদ।


মূলত দলের ডান প্রান্তের সমস্যা সমাধান করতেই দিয়োমান্দেকে দলে টেনেছে রিয়াল। দীর্ঘদিন ধরেই ওই পজিশনে একজন স্বাভাবিক উইঙ্গারের ঘাটতি ছিল ক্লাবটির। তাই বড় অঙ্কের অর্থ খরচ করে হলেও সেই শূন্যতা পূরণ করতে চেয়েছে তারা।


তবে রিয়ালের জার্সিতে দিয়োমান্দের অভিষেক আপাতত পিছিয়ে গেছে। প্রাক-মৌসুমের শেষ দিকের একটি প্রস্তুতি ম্যাচে তার অভিষেক হওয়ার কথা থাকলেও এখনো পুরোপুরি ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি তিনি। ফলে ওই ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হয়নি। সবকিছু ঠিক থাকলে রিয়ালের শেষ প্রাক-মৌসুম ম্যাচে মাঠে দেখা যেতে পারে এই তরুণ তারকাকে।


নতুন ক্লাবে যোগ দেওয়ার পর নিজের অনুভূতির কথা জানিয়েছেন দিয়োমান্দে। রিয়াল মাদ্রিদ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ছোটবেলা থেকেই রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখতেন।


দিয়োমান্দে বলেন, ‘আমি গর্বিত এবং খুশি। কারণ এটা আমার স্বপ্ন ছিল। ছোটবেলায় আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর হয়ে খেলতে চেয়েছিলাম। এখানে আসতে পেরে আমি কৃতজ্ঞ, খুশি ও গর্বিত। আমি চাই, আমার পরিবারও আমাকে নিয়ে গর্বিত হোক।’


রিয়াল মাদ্রিদকে বিশ্বের সবচেয়ে বড় ক্লাব হিসেবেই দেখেন দিয়োমান্দে। নতুন সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি দলের সাফল্যে অবদান রাখার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।


দিয়োমান্দের ভাষায়, ‘এটা বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এবং সবাই এখানে আসতে চায়। এখানে থাকতে পেরে আমি কৃতজ্ঞ। আমি সবার সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিতে চাই। দলের সাফল্যের অংশ হতে চাই।’