সিংগাইরে জবির বাসে হামলা, আহত ১০
সূত্রঃ সংগৃহীত
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও স্টাফ বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বাসের চালক ও শিক্ষার্থীসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভূমদক্ষিণ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্টদের ভাষ্য, হেমায়েতপুরে অটোরিকশার এক যাত্রীর সঙ্গে বাসযাত্রীদের কথা-কাটাকাটি হয়। পরে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন বাসটিতে হামলা চালান। এ সময় বাসটির ব্যাপক ভাঙচুর করা হয় এবং চালক ও কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিংগাইর থানার পুলিশ জানায়, হামলার ঘটনায় কাওসার নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি ভূমদক্ষিণ বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
জবি পরিবহন সেক্টরের সম্পাদক মাহিদ হোসেন বলেন, হামলার ঘটনায় চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলেও জানান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, ভূমদক্ষিণ বাজারে বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন বলে তারা তথ্য পেয়েছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, সিংগাইর সড়কে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা জবি বাসটিকে লক্ষ্য করে হামলা চালান। পরে নিশ্চিত হওয়া গেছে, ওই দুর্ঘটনার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটির কোনো সম্পৃক্ততা ছিল না। ভুল ধারণা থেকেই বাসটিতে হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর থানায় যোগাযোগ করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








