কুড়িগ্রামে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
সূত্রঃ ছবি: বিডিমেইল
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। একই সঙ্গে দুই ভাইয়ের এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
তাসিন ও তামিম ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা। তাদের বাবা মো. মোজাফফর হোসেন রিপন ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক। মা শিরিনা পারভীনও পেশায় একজন শিক্ষিকা।
যমজ দুই ভাই দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ছোটবেলা থেকেই একই বিদ্যালয়ে পড়াশোনা করে আসছে তারা।
তাসিন ও তামিম জানায়, এসএসসিতে ভালো ফলাফলের জন্য বাবা-মা সব সময় তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন। ভবিষ্যতে তারা নটর ডেম কলেজ অথবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি হতে চায়। পড়াশোনা শেষ করে দুজনই প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে।
তাদের মা শিরিনা পারভীন বলেন, দুই ছেলের ফলাফলে পরিবারের সবাই খুব আনন্দিত। সন্তানদের ভবিষ্যতের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম বলেন, এবারের ফলাফল কিছুটা খারাপ হলেও তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। তাসিন ও তামিম দুজনই মেধাবী ও পরিশ্রমী। পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে তারা আরও ভালো করবে বলে আশা করেন তিনি।









