২৫ মাস পর ফেসবুকে সোলায়মান সুখন
সূত্রঃ ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রায় দুই বছর এক মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা মিলেছে মোটিভেশনাল স্পিকার, করপোরেট ব্যক্তিত্ব ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোলায়মান সুখনের। মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করেন তিনি। তবে কিছুক্ষণ পর পোস্টটি মুছে দেন।
সোলায়মান সুখনের সর্বশেষ ফেসবুক পোস্ট ছিল ২০২৪ সালের ১৩ জুলাই। এরপর দীর্ঘ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার কোনো সক্রিয় উপস্থিতি দেখা যায়নি। এমনকি ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাকে জনসম্মুখে দেখা যায়নি।
প্রায় ২৫ মাস পর দেওয়া পোস্টে ‘Nuclear is the Future’ শিরোনামের একটি ভিডিওর লিংক শেয়ার করেন সুখন। ভিডিওটিতে বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক শক্তির ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।
ভিডিওতে বলা হয়, বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য ও পারমাণবিক শক্তির সম্মিলিত অবদান দ্রুত বাড়ছে। বর্তমানে বিশ্বে প্রায় ৪৪০টি বাণিজ্যিক পারমাণবিক চুল্লি চালু রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৯৪টি, ফ্রান্সে ৫৭টি এবং চীনে প্রায় ৬৩টি চুল্লি রয়েছে। আরও প্রায় ৮০টি চুল্লি নির্মাণাধীন এবং শতাধিক চুল্লি পরিকল্পনার পর্যায়ে রয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জীবাশ্ম জ্বালানির তুলনায় পরিচ্ছন্ন জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ছে। ভূ-রাজনৈতিক সংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিভিন্ন দেশে পারমাণবিক শক্তি নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণাতেও পরিবর্তন এসেছে। অনেক দেশ নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কিংবা পুরোনো কেন্দ্র পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে।
এদিকে জুলাই আন্দোলন ঘিরে সোলায়মান সুখনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সমন্বয় করে আন্দোলন দমনে ভূমিকা রাখার চেষ্টা করেছিলেন তিনি। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলনবিরোধী বা সরকারের পক্ষে স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করানোর জন্য চাপ ও অর্থের প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সোলায়মান সুখনের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
সোলায়মান সুখন সর্বশেষ মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর চিফ পাবলিক রিলেশনস বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি জনসম্মুখে অনুপস্থিত ছিলেন।









