যশোরের শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম
যশোরের শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

সূত্রঃ সংগৃহীত

শার্শা (যশোর) প্রতিনিধি


যশোরের শার্শায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার মহিষা এলাকার ১১ বছর বয়সী ওই শিশু মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মকছেদ আলী শিশুটির প্রতিবেশী। শিশুটি তাকে চাচা বলে ডাকত।


এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১২ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি খেলতে বের হলে মকছেদ আলী তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিষা গ্রামের একটি ঘেরের পাড়ে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটিকে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।


ঘটনার পর ভয়ে শিশুটি বিষয়টি কাউকে জানায়নি। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশী নারীর কাছে ঘটনার কথা জানায় সে। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা ১৯ আগস্ট শার্শা থানায় লিখিত এজাহার দায়ের করেন।


এ ঘটনায় শার্শা থানায় মামলা রুজুর পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।


পরে ১৯ আগস্ট রাত ৩টার দিকে মহিষা এলাকা থেকে মামলার একমাত্র আসামি মকছেদ আলীকে গ্রেপ্তার করা হয়।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।