ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির দায়িত্ব পালনে সন্তুষ্ট মণ্ডপ কমিটির সভাপতিরা
সংগৃহীত
মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা। তাঁদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সার্বক্ষণিক সতর্কতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতিরা।
পূজামণ্ডপে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতিরা জানান, তাঁরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সার্বক্ষণিক সতর্ক থাকার পাশাপাশি মণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাঁরা। তাঁদের দায়িত্বশীল ভূমিকা পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হচ্ছে।
দর্শনার্থীদের ভিড় সামলানো ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সভাপতিরা বলেন, দুর্গাপূজার সময় মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। এ সময় আনসার ও ভিডিপি সদস্যরা প্রবেশপথে সতর্ক অবস্থানে থাকেন এবং দর্শনার্থীদের চলাচল স্বাভাবিক রাখা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন। তাঁদের সহযোগিতায় পূজার আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।
রাতের নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা সম্পর্কেও সন্তোষ প্রকাশ করেন মণ্ডপ কমিটির সভাপতিরা। তাঁরা জানান, পূজার আনুষ্ঠানিকতা শেষে রাতে যখন আয়োজকরা বিশ্রামে থাকেন, তখনও দায়িত্বে থাকা সদস্যরা মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক থাকেন। সারারাত জেগে দায়িত্ব পালন করায় তাঁরা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারছেন।
পূজামণ্ডপ কমিটির সভাপতিরা আরও বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের আন্তরিকতা, সতর্কতা ও দায়িত্বশীলতা তাঁদের আস্থা বাড়িয়েছে। দুর্গাপূজার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁদের এই ভূমিকা প্রশংসনীয়।
এমকে/বিএম২৪









