মাদক নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম
সংগৃহীত
মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক চোরাচালান নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়াকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যায় বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া। এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। এ সময় আহাদ ভূঁইয়াকে আটক করা সম্ভব হয়। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে হামলায় জড়িত অন্যরা পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আহত সাংবাদিককে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতির কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক মোতালিব ভূঁইয়া ও তাঁর পরিবারের সদস্যদের দাবি, দোয়ারাবাজার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান নিয়ে সম্প্রতি কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ভূঁইয়া জানান, এর আগেও সাংবাদিক মোতালিবের দুই ভাই কবির ভূঁইয়া ও মামুন ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় থানায় মামলা করা হয়েছিল বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, আগের ঘটনায় আহত দুই ভাই চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর এবার সাংবাদিক মোতালিবের ওপর হামলা চালানো হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, সাংবাদিক মোতালিব ভূঁইয়ার মাদকবিষয়ক প্রতিবেদন প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদক জব্দ করা হয়। এরপর মাদক কারবারিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, হামলার ঘটনায় আহাদ ভূঁইয়াকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
এমকে/বিএম২৪









