‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’—আইনমন্ত্রী

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম
‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’—আইনমন্ত্রী

সংগৃহীত

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি 


ঝিনাইদহে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, এমপি। এ সময় তিনি বলেন, "সার ডিলার নিয়োগ ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়।”


সোমবার সকালে পিটিআই প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করেন আইনমন্ত্রী। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঝিনাইদহ ভবনটি নির্মাণ করে।


নবনির্মিত ভবনে আধুনিক শ্রেণিকক্ষ, কনফারেন্স রুম, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এ ভবনের মাধ্যমে ঝিনাইদহ ও আশপাশের এলাকার প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের পরিবেশ আরও উন্নত হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, 

"প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দক্ষ ও যোগ্য শিক্ষক তৈরির বিকল্প নেই। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবন শিক্ষক প্রশিক্ষণের মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ করে গড়ে তুলতে পারবেন।"


সার ডিলার নিয়োগে স্বচ্ছতার আশ্বাস প্রদান করে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার বিতরণ ও ডিলার নিয়োগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 

"সার ডিলার নিয়োগের ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্তরা তাঁদের ন্যায্য পাওনা পাবেন। নিয়োগপ্রক্রিয়া আইনি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।"


বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, 

"বিরোধী দলের কাজই হচ্ছে সবকিছুর বিরোধিতা করা। সরকার যে উদ্যোগই নিক না কেন, বিরোধিতা করাই তাদের প্রধান কাজ বলে মন্তব্য করেন তিনি।"


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, এই নির্বাচনে আইনগত কোনো বাধা নেই। এমপিওভুক্ত শিক্ষকরা আগে যেভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত একইভাবে অংশ নিতে পারবেন। সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী উল্লেখ করে তিনি দেশবাসীকে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান।


মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 

"কেউ সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকলে, সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই প্রসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, “এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়।”


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এলজিইডির ঊর্ধ্বতন প্রকৌশলী এবং পিটিআইয়ের শিক্ষক-কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এর আগে সকালে আইনমন্ত্রী ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪