গাজীপুরে আত্মকর্মসংস্থানে ৭৩ নারী পেলেন সেলাই মেশিন
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে অসচ্ছল ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৭৩ জন নারীর হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে মোট ৫০০ নারীকে এ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সোমবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সরকার সব সময় মানুষের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নেও সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এসব কার্যক্রম বাস্তবায়নে তাঁরা সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর অবহেলিত, অসচ্ছল ও দুস্থ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৭৩ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে। সব মিলিয়ে ৫০০ নারীকে এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তাঁরা আরও জানান, সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়-রোজগারের সুযোগ পাবেন। এতে তাঁদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং নারীদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে।
এমকে/বিএম২৪









