১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নবিষয়ক একটি নতুন সমঝোতা স্মারক (ইএসডিপি-এমওসি) চূড়ান্তভাবে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। এ চুক্তির আওতায় আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান।
চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বাড়বে। ফলে চুক্তিটির মোট মেয়াদ হবে ১০ বছর।
গত শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও জাপান সরকারের প্রায় এক বছরের প্রচেষ্টার ফলে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও কর্মসংস্থান সহযোগিতায় নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির অনুলিপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে।
চুক্তির সুবিধাগুলো তুলে ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এর মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা হবে। পাশাপাশি জাপানে কাজের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়বে এবং তাঁদের উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ তৈরি হবে।
মন্ত্রী আরও জানান, চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।
বিশেষ করে গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী বিদেশি কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এ ছাড়া গর্ভধারণ বা সন্তান প্রসবের কারণে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যতামূলক বিধান চুক্তিতে রাখা হয়নি।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমকে/বিএম২৪









