ফ্রান্সে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, গ্রেপ্তার ২ হাজার ৩৯৭

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, গ্রেপ্তার ২ হাজার ৩৯৭

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেশটিতে প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সংঘাতে আহত হয়েছেন ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য, যাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।


রোববার (১৮ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানা গেছে। এর আগে শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশের তথ্য অনুযায়ী, সহিংসতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ২ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


এদিকে বিক্ষোভের সময় প্রায় ১ হাজার ৫০০টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। খুচরা ব্যবসায়ীদের সংগঠন রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের প্রেসিডেন্ট আলেকজান্দ্রে বোম্পার ফরাসি টেলিভিশন এলসিআইকে বলেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাটের শিকার হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।


জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।


সহিংসতার নিন্দা ম্যাক্রোঁর


রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বিক্ষোভের নামে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের নিন্দা জানান।


তিনি বলেন, চলমান সহিংসতায় মানুষ ক্ষুব্ধ ও লজ্জিত। আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে না। যারা ভাঙচুর ও লুটপাটে জড়িত, তাদের এর দায় নিতে হবে।


ম্যাক্রোঁ আরও বলেন, দাঙ্গায় জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। শহর, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় মেয়রদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।


একই সঙ্গে সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।


সূত্র: ফ্রান্স ২৪, ফার্স্টপোস্ট


এমকে/বিএম২৪