জাজিরায় মা-ইলিশ রক্ষা অভিযানে এমপির স্পিডবোটে হামলা, আহত ২
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় মা-ইলিশ রক্ষা অভিযানে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের স্পিডবোট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন একদল জেলে। এতে অভিযান দলের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযান চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পালেরচর ইউনিয়নের দুর্গম চর কলিকাল এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে পদ্মা নদীর জাজিরা অংশে মা-ইলিশ রক্ষায় অভিযান শুরু হয়। এতে কোস্টগার্ড, নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সদস্যরা অংশ নেন।
সকাল ৯টার দিকে অভিযানকারী দল চর কলিকাল এলাকায় পৌঁছালে একদল জেলে সংঘবদ্ধ হয়ে তাঁদের বাধা দেন। এ সময় লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে অভিযানকারী দলের বোট লক্ষ্য করে হামলা চালানো হয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় অভিযানে অংশ নেওয়া সদস্যরা সাময়িকভাবে পিছু হটেন। পরে অতিরিক্ত নৌ-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দেন।
যৌথ বাহিনীর সদস্যদের তৎপরতায় হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। জেলা মৎস্য বিভাগ জানায়, সোমবার ভোর থেকে পরিচালিত অভিযানে সকাল পর্যন্ত ৩৬ জন জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা-ইলিশ জব্দ করা হয়।
এ বিষয়ে শরীয়তপুরের জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, দুর্গম চর এলাকায় অভিযান পরিচালনার সময় কিছু অসাধু জেলে ক্ষিপ্ত হয়ে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে প্রশাসন ও বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বিত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলাকারীরা খাল দিয়ে পালিয়ে যান বলেও জানান তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম অভিযানে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করছেন। পরে তিনি নদীর বিভিন্ন পয়েন্টে গিয়ে স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলেন এবং নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান।
এমকে/বিএম২৪









