লক্ষ্যে একমাত্র শটেই আর্সেনালের কষ্টার্জিত জয়
ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
শক্তিশালী আক্রমণভাগ নিয়েও নটিংহ্যাম ফরেস্টের রক্ষণ ভাঙতে দীর্ঘ সময় লড়তে হয়েছে আর্সেনালকে। শেষ পর্যন্ত বদলি হিসেবে নামা ইংলিশ ফরোয়ার্ড ননি মাদুয়েকের গোলে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে গানাররা।
সিটি গ্রাউন্ডে এ জয়ের মধ্য দিয়ে সাত ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিয়েছে আর্সেনাল। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে ৭৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। পুরো ম্যাচে লক্ষ্যে মাত্র একটি শট নিয়েই গোল আদায় করে নেয় দলটি।
বিরতির পর মাঠে নামেন মাদুয়েকে। সম্প্রতি ইংল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়া এই ফরোয়ার্ড ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। ডেকলান রাইসের বাড়িয়ে দেওয়া বল নিয়ে বাঁ দিক থেকে কাট করে বক্সে ঢুকে জোরালো শট নেন তিনি। বলটি জেয়ার কুনহার গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে মেতে ওঠেন আর্সেনালের খেলোয়াড়েরা।
মাদুয়েকের ওই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। কাই হ্যাভার্টজ, মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকার মতো তারকারা আক্রমণে থাকলেও গোলের জন্য শেষ পর্যন্ত বদলি খেলোয়াড়ের ওপরই নির্ভর করতে হয়েছে গানারদের।
এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি।
এমকে/বিএম২৪








